SIR এর কাজের চাপে এবার BLO-র মৃত্যুর অভিযোগ উঠল মেমারিতে

SIR-এর ফর্ম বাড়ি বাড়ি দিতে গিয়েই মৃত্যু হলো এক BLO-র , মৃতের পরিবার সূত্রে এমনটাই জানা গেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বোহার-2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরাম বাঙাল পুকুর এলাকায়। মৃত BLO-র নাম নমিতা হাঁসদা (50) ৷ রবিবার কালনা শ্মশান ঘাটে দেহ দাহ করতে গিয়ে ক্ষোভে ফেটে পড়ে তাঁর পরিবার। গোটা ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক

মৃত BLO-র পরিবারের অভিযোগ, SIR-এর ফর্ম বিলি করা নিয়ে খুব চাপ দেওয়া হচ্ছিল। সেই চাপ নিতে না-পেরেই তিনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এই ধরনের কোনও অভিযোগ জমা পড়েনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত নমিতা হাঁসদা ছিলেন একজন অঙ্গনওয়ারির কর্মী। তাঁর BLO-র ডিউটি চলছিল ৷ রাজ্যের সমস্ত বিলিও-দের এখন ফর্ম বিলি করার কাজ চলছে। সেই কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে হবে বলে প্রশাসনের তরফে থেকে তাঁর উপর চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ পরিবারের। ফলে বাড়ি ফিরতে তাঁর অনেক রাত হয়ে যাচ্ছিল। কিন্তু, সেই কাজ কীভাবে শেষ করবেন তা নিয়ে অত্যধিক চিন্তা করছিলেন বাড়ি ফেরার পরেও ৷ পরিবারের লোকজন তাঁকে বোঝানোর চেষ্টা করলেও তিনি রাতে ঠিক করে ঘুমাতে পারতেন না। ফলে শনিবার ফর্ম বিলি করার সময় তাঁর হার্ট অ্যাটাক হয়৷ তাঁকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।

মৃত নমিতা হাঁসদার ছেলে মানিক হাঁসদা বলেন, “SIR ফর্ম বিলি করা নিয়ে মা খুব চিন্তিত ছিলেন। খুব কাজের চাপ ছিল। বাড়িতে এসেও টেনশন করতেন। তাঁকে চাপ নিতে বারণ করা হত। কিন্তু কীভাবে এই কাজ তিনি শেষ করবেন তা বুঝতে পারছিলেন না। সেই চিন্তায় গতকাল কাজে বেরিয়ে হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে ভর্তি করানো হয় মাকে। সেখানেই তিনি মারা যান।”

মৃত নমিতা হাঁসদার স্বামী মাধব হাঁসদা বলেন, “আমার স্ত্রী অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন। এখন BLO-র ডিউটি করছিলেন। SIR-এর ফর্ম বিলি করা নিয়ে কাজের খুব চাপ ছিল। প্রশাসনের তরফে নিত্যদিন চাপ ছিল কাজের। তাঁকে নানা আশ্বাস দিতাম। সেই চাপ নিতে না-পেরে তাঁর হার্ট অ্যাটাক হয় গতকাল ৷ SIR-এর ফর্ম বিলি করতে গিয়ে এমন ঘটনা ঘটে ৷ কাজের চাপ সহ্য করতে না-পেরেই আমার স্ত্রী মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।”

একদিকে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ , অন্যদিকে সেই গুরুদায়িত্ব পালন করতে গিয়ে BLO-দের উপর চলছে হুমকি-হুঁশিয়ারি। এগুলোর মাঝে বিএলও-দের সামলাতে হচ্ছে তাঁদের নিজেদের পেশাগত দায়বদ্ধতাও। আর এই সবকিছু নিয়েই বাড়ছে আতঙ্ক। পূর্ব বর্ধমানের মেমারীতে BLO নমিতা হাঁসদার মৃত্য়ু ঘিরে সামনে এসেছে সেই অভিযোগ। দাবি উঠছে বিএলও-দের সুরক্ষা নিয়ে। যদিও এখনো অবদি ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে এই ধরনের কোনও অভিযোগ বিডিও অফিসে জমা পড়েনি। অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে ৷

Leave a Comment